দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৩২ জন। শনিবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
মারা যাওয়া তিনজনই ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৪ জনে। এর মধ্যে শুধু সেপ্টেম্বর মাসেই মৃত্যু হয়েছে ১১৮ জনের, যা চলতি বছরের কোনো এক মাসে সর্বোচ্চ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১০৬ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৭৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ভর্তি হয়েছেন আরও ২৮০ জন।
এ ছাড়া বরিশালে ২০৪ জন, চট্টগ্রামে ২০৯, খুলনায় ২৪১, ময়মনসিংহে ১১২, রাজশাহীতে ৫৭ এবং রংপুরে ৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
একই সময়ে ডেঙ্গুর চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৪২৯ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১ হাজার ৫৩৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৬ হাজার ২৫৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করছে। সরকারি হিসাবে, ২০২৩ সালে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি ছিল। ওই বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন এবং মারা যান ১ হাজার ৭০৫ জন।
গত বছরও ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয় এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন প্রায় ১ লাখ ২ হাজার মানুষ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন