শিক্ষার্থীদের স্যাটেলাইটের মডেল, ড্রোন ও নতুন প্রযুক্তির সেন্সর উদ্ভাবনের পাশাপাশি পেটেন্ট ও স্টার্টআপ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভিকারুননিসা নূন অ্যাস্ট্রোনমি ক্লাব আয়োজিত ‘থার্ড ইন্টার অ্যাস্ট্রোনমিকাল অ্যাপোগি ২০২৬’ শীর্ষক বিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞানবিষয়ক তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
শিক্ষার্থীদের উদ্দেশে ইসমাইল জবিউল্লাহ বলেন, অ্যাস্ট্রোনমি ক্লাব থেকে আগামী পাঁচ বছরে এমন তরুণ উঠে আসুক, যারা শুধু অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে পুরস্কার জিতবে না; নিজের হাতে স্যাটেলাইটের মডেল তৈরি করবে, কার্যকর ড্রোন বানাবে, নতুন সেন্সর উদ্ভাবন করবে, পেটেন্ট করবে এবং স্টার্টআপ গড়ে তুলবে। তাদের উদ্ভাবন বাংলাদেশের মানুষের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
তিনি বলেন, মানুষের জীবনকে আরও নিরাপদ, সহজ ও সুন্দর করতে উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে কাজ করতে হবে। শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ ও যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন সমাধান খুঁজে বের করতে হবে।
ঘনবসতিপূর্ণ ঢাকায় ড্রোন প্রযুক্তি ব্যবহার করে অগ্নিনির্বাপণ, বন্যার পূর্বাভাস ও নিরাপত্তা ব্যবস্থায় নতুন সম্ভাবনা তৈরি করা যেতে পারে বলেও উল্লেখ করেন জনপ্রশাসন উপদেষ্টা। তিনি এমন একটি দিনের প্রত্যাশা ব্যক্ত করেন, যখন ভিকারুননিসার শিক্ষার্থীরা ড্রোনের মাধ্যমে অগ্নিনির্বাপণে মানুষের পাশে দাঁড়াবে।
শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের উদ্ভাবনী প্রকল্পে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ লো-অরবিট স্যাটেলাইট নিয়ে কাজ করতে পারে, কেউ কৃষিকাজে ব্যবহারের ড্রোন বা বন্যা পর্যবেক্ষণকারী ড্রোন তৈরি করতে পারে। আবার কেউ এমন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ব্যবস্থা তৈরি করতে পারে, যা বন্যা ও ঘূর্ণিঝড়ের আগাম তথ্য দিতে সক্ষম হবে। দূষিত পানি শনাক্ত করার সেন্সর তৈরির মতো প্রযুক্তি নিয়েও কাজ করার আহ্বান জানান তিনি।
গ্রামের কৃষকদের জীবন ও কৃষিকাজ সহজ করে এমন প্রযুক্তি উদ্ভাবনের ওপরও গুরুত্ব দেন ইসমাইল জবিউল্লাহ।
তিনি বলেন, সরকারের উদ্যোগের আওতায় তরুণদের স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনকে গুরুত্ব দেওয়া হচ্ছে। জুলাইয়ে সরকার ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ চালু করেছে এবং সম্ভাবনাময় উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড গঠন করা হয়েছে।
শিক্ষার্থীদের এসব সুযোগ কাজে লাগিয়ে স্টার্টআপ ও উদ্ভাবনী উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের সমাপনী দিন ছিল শনিবার। এতে নটরডেম কলেজ, হলি ক্রস কলেজসহ ঢাকা মহানগরীর ১৫টি কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন