২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় দফায় অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে আগামী ২৭ সেপ্টেম্বর। আবেদন করা যাবে ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে ১ অক্টোবর রাত ৮টায়।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চায়ন ৩ অক্টোবর রাত ৮টা পর্যন্ত করা যাবে। ফল প্রকাশের পর থেকেই এই নিশ্চায়ন কার্যক্রম শুরু হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৪ অক্টোবর রাত ৮টায়। এরপর ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলবে।
ভর্তির জন্য নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে নির্দেশনা অনুসরণ করতে হবে। আবেদন করার সময় সংশ্লিষ্ট কলেজের বিদ্যমান আসনসংখ্যা বিবেচনা করে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে রাখতে হবে।
যাঁরা দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবেন
দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবেন—
আগে আবেদন করেননি এমন শিক্ষার্থীরা;
আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হননি এমন শিক্ষার্থীরা;
চূড়ান্ত মনোনয়ন পেয়েও নির্ধারিত সময়ে নিশ্চায়ন করতে পারেননি এমন শিক্ষার্থীরা;
চূড়ান্ত মনোনয়ন পেয়েও নির্ধারিত সময়ে কলেজে ভর্তি হতে পারেননি এমন শিক্ষার্থীরা;
ভুল কোটা নির্ধারণের কারণে মনোনয়ন পেয়েও কলেজে ভর্তি হতে পারেননি এমন শিক্ষার্থীরা।
যেসব শিক্ষার্থী প্রথম ধাপে আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হননি, তাদের দ্বিতীয় ধাপে নতুন করে ২২০ টাকা আবেদন ফি দিতে হবে না। তাদের ভর্তি ওয়েবসাইটে লগইন করে কলেজ পছন্দক্রম নির্বাচন বা সম্পাদন করতে হবে।
বিজ্ঞপ্তিতে শিক্ষার্থী ও অভিভাবকদের কোটার যোগ্যতা যাচাই করে আবেদন করার পাশাপাশি ফল প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন ফি জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
এর আগে ১৬ সেপ্টেম্বর রাত ৮টায় একাদশ শ্রেণির ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। এতে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য নির্বাচিত হয়। প্রথম ধাপের ভর্তি কার্যক্রম ২০ সেপ্টেম্বর শুরু হয়ে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন