চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস, পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে প্রশাসনিক কার্যক্রমও।
সকাল সাড়ে ৮টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়ে সেখানে অবস্থান নেন। পরে তারা সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
শিক্ষার্থীরা জানান, অধ্যাপক সায়েমকে উপাচার্যের পদে পুনর্বহাল না করা পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। আন্দোলনে অংশ নেওয়া যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী প্রীতম সাহা বলেন, তারা অধ্যাপক সায়েমকেই উপাচার্য হিসেবে চান এবং তিনি পূর্ণ মেয়াদ দায়িত্ব পালন করার পরই পদ ছাড়বেন—এটাই তাদের দাবি।
এদিকে একই দাবিতে মঙ্গলবার সকাল ১০টার দিকে উপাচার্য ভবনের সামনে মানববন্ধন করেছে চুয়েট শিক্ষক সমিতি। সমিতির দাবির প্রতি সমর্থন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক হুমায়ুন কবিরও।
এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিল শেষে তারা উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন।
অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম গত ২৭ জুলাই চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন। দায়িত্ব নেওয়ার ৫৬ দিনের মাথায় সোমবার তাকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
উপাচার্য পরিবর্তনের এ সিদ্ধান্তের পর থেকেই চুয়েট ক্যাম্পাসে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে প্রতিবাদ শুরু হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন