রাজধানীর পল্লবীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোর ৫টা ২০ মিনিটের দিকে পল্লবী থানার সেকশন-১২ এলাকার আলোব্দি ঝিলপার বস্তি সংলগ্ন পাকা সড়কে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, ওই এলাকায় প্রায় ১০০ জন ব্যক্তি ঝটিকা মিছিলের উদ্দেশ্যে জড়ো হওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে পল্লবী থানার সব মোবাইল পেট্রোল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে সমবেত ব্যক্তিরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে পালানোর চেষ্টা করেন। এ সময় ঘটনাস্থল থেকে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাসেল (৩০), সবুজ (২৪), আল-আমিন (২৯), মুসা (১৮), রিজু হোসেন (২৫), আলিফ হোসেন (২৭), জীবন (২০), রাহাত (১৯), রনক তালুকদার (১৯), রাসেল (২১), ইমন (১৮), দিপু দাস (১৯) ও তামিম মোল্লা (২২)।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বিষয়টি নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের জন্য সমবেত হওয়ার চেষ্টা করলে পুলিশ অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করে।
পরে তাদের পল্লবী থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন