দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পেছনে বিরোধী দল ও ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে কোনো যোগসাজশ রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে’ বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
ইশরাক হোসেন বলেন, আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতার মৃত্যুদণ্ডের আদেশের পর একটি মহল সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। একই সময়ে বিরোধী দল সরকার পতনের আন্দোলনের কথা বলছে এবং শেখ হাসিনা ভারত থেকে নাশকতার মাধ্যমে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছেন—এমন দাবি করে তিনি দুপক্ষের মধ্যে কোনো যোগসাজশ রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের পলাতক নেতাদের রেখে যাওয়া বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, পরিবহনসহ অন্যান্য প্রতিষ্ঠান বর্তমানে কারা পরিচালনা করছে এবং এসব প্রতিষ্ঠান থেকে অর্জিত অর্থ নাশকতা বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে ব্যবহার হচ্ছে কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন।
বিরোধী দলের সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচির সমালোচনা করে ইশরাক হোসেন বলেন, তারা বিভিন্ন কর্মসূচি পালন করলেও আওয়ামী লীগের কথিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে যথেষ্ট বক্তব্য দিচ্ছে না।
তিনি বলেন, বিএনপি কোনো ধরনের নাশকতার চেষ্টা মেনে নেবে না এবং এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় দলীয়ভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে।
সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি বিজয়নগর ও নাইটিঙ্গেল মোড় ঘুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন