বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষ ভালো নেই, তারা কষ্টে আছে। বিদ্যুৎ ও সারের সংকট চরমে পৌঁছেছে।
তিনি বলেন, জনগণের দুর্ভোগের কথা জাতীয় সংসদে তুলে ধরার চেষ্টা করা হলেও সরকার তাদের কথা বলতে দিচ্ছে না। এ কারণে জনগণের অধিকার আদায়ে রাজপথে নামতে হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল (মরিচতলা) গ্রামের একটি স্থানীয় মাদ্রাসা মাঠে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে সকালে ডা. শফিকুর রহমান একই গ্রামের ইসলামী শিক্ষা আন্দোলনের প্রথম শহীদ হিসেবে পরিচিত আব্দুল মালেকের কবর জিয়ারত করেন। এ সময় তিনি ফাতিহা পাঠ ও দোয়া করেন।
কবর জিয়ারত শেষে স্থানীয় মাদ্রাসায় আব্দুল মালেকের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন জামায়াতে ইসলামীর আমির।
তার আগমন উপলক্ষে সকাল থেকেই মাদ্রাসা মাঠে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। মানিকপোটল (মরিচতলা) গ্রামে পৌঁছালে স্থানীয়রা তাকে অভ্যর্থনা জানান।
এ সময় জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, ধুনট উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার রাতে বগুড়ায় পৌঁছে সার্কিট হাউসে রাতযাপন করেন ডা. শফিকুর রহমান। শনিবার ভোর সোয়া ৫টার দিকে তিনি সার্কিট হাউস থেকে ধুনটের উদ্দেশে রওনা হন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন