জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, ‘অপসংস্কৃতি আমাদের ঘাড়ে চেপে বসেছে।’ নিজস্ব সংস্কৃতি লালন ও ধারণের পাশাপাশি সুস্থ সংস্কৃতির বিকাশে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ‘দেশীয় সাংস্কৃতিক সংসদ’ আয়োজিত নাতে রাসূল (সা.) প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, প্রত্যেক জাতির নিজস্ব সক্রিয় সংস্কৃতি রয়েছে। কিন্তু নিজস্ব সংস্কৃতি লালন ও ধারণ করতে গিয়ে আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়েছি। এর সুযোগে অপসংস্কৃতি আমাদের ঘাড়ে চেপে বসেছে। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় এটিকে ‘কালচারাল এগ্রেশন’ বা ‘সাংস্কৃতিক আধিপত্যবাদ’ বলা হয়।
তিনি বলেন, শুধু মুখের বক্তব্য দিয়ে এর প্রতিবাদ করলে হবে না। সুস্থ সংস্কৃতির বিকাশে উপযুক্ত উদ্যোগ নিতে হবে। তাহলেই একটি জাতিকে সুস্থ সংস্কৃতির ওপর প্রতিষ্ঠিত করা সম্ভব।
শফিকুর রহমান আরও বলেন, ‘যার কাছ থেকে শিখব, তাকে সম্মান করব। কিন্তু এখন আমাদের কালচার কী শিক্ষা দিচ্ছে? আমাদের কালচার শিক্ষা দিচ্ছে—আমাদের কলেজের প্রিন্সিপাল যিনি, তাকে টেনে-হিঁচড়ে পুকুরে ফেলা! এই দৃশ্য আমরা দেখিনি?’
তিনি বলেন, এ ধরনের ঘটনা অপসংস্কৃতির প্রভাব। মানুষকে মানুষ হিসেবে গড়ে তুলতে এবং সন্তানদের সঠিকভাবে গড়ে তুলতে সুস্থ সংস্কৃতির চর্চা করতে হবে।
কোরআন প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, আল্লাহ শুধু মুসলমান কিংবা মানুষের জন্য কোরআন নাজিল করেননি। আল্লাহ তাআলা তাঁর সমগ্র সৃষ্টির শৃঙ্খলা বিধানের জন্য কোরআন নাজিল করেছেন। যারা কোরআন অনুসরণ করবে, তারা নিজেরাই সৌভাগ্যবান হবে এবং যে জাতি এটি অনুসরণ করবে, সে জাতি গৌরবময় হবে। আর যারা তা ছেড়ে দেবে, তারা ক্ষতিগ্রস্ত ও অপদস্থ হবে।
তিনি বলেন, এর চিত্র সারা বিশ্বেই দেখা যাচ্ছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মতিউর রহমান আকন্দ, লেখক ও সম্পাদক আবুল আসাদ, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এবং ছাত্রশিবিরের সভাপতি নূরুল ইসলাম সাদ্দামসহ অনেকে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন