চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলীর শ্রীশ্রী সেবা খোলা ও বৈকুণ্ঠধাম মন্দিরের ব্যতিক্রমী পূজামণ্ডপ ‘রিপু রজনী’ ঘুরে দেখেছেন ঢালিউড অভিনেত্রী পূজা চেরী। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি মণ্ডপটি পরিদর্শন করেন। পরে তিনি কৈবল্যধাম পূজামণ্ডপও ঘুরে দেখেন।
মণ্ডপ পরিদর্শনের সময় স্থানীয় বাসিন্দা আবির সরকার অভিনেত্রীর বক্তব্য ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তিনি। এদিকে, মণ্ডপ ঘুরে দেখার পর নিজের ফেসবুক প্রোফাইলেও ছবি পোস্ট করেন পূজা চেরী।
‘রিপু রজনী’ থিমের প্রশংসা করে অভিনেত্রী বলেন, ‘আমার কাছে মনে হয়, এটি অন্যতম সেরা একটি মণ্ডপ হয়েছে। মূলত এ কারণেই এটি দেখতে ঢাকা থেকে ছুটে আসা। আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি এই ভাবনাটিকে সাধুবাদ জানাই।’
মানুষের মনের ভেতরে থাকা ছয়টি রিপু—লোভ, মোহ, ক্রোধ, হিংসা, অহংকার ও কামনাকে কেন্দ্র করে সাজানো হয়েছে ‘রিপু রজনী’ পূজামণ্ডপ। মানুষের অন্তর্গত অন্ধকার, বিবেকের সঙ্গে দ্বন্দ্ব এবং আত্মশুদ্ধির বার্তা তুলে ধরাই এ আয়োজনের মূল ভাবনা।
ব্যতিক্রমী এই থিমের মাধ্যমে মানুষের নেতিবাচক প্রবৃত্তি ও আত্মোপলব্ধির বিষয়টি শিল্পসম্মতভাবে উপস্থাপনের চেষ্টা করেছেন আয়োজকেরা। মণ্ডপটি দেখতে দর্শনার্থীদের পাশাপাশি বিনোদনজগতের তারকাদের উপস্থিতিও উৎসবের আকর্ষণ বাড়িয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন