বাংলাদেশের সিনেমার জন্য ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে এসেছে বড় সুখবর। প্রথমবারের মতো উৎসবের অফিশিয়াল শাখা অরিজন্তি বিভাগে মনোনয়ন পাওয়া নির্মাতা রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ জিতেছে ইনডিপেনডেন্ট ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ডস বা ‘প্রেমিও বিসাতো দ’ওরো’।
শুক্রবার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে পরিচালক রুবাইয়াত হোসেনের হাতে ইনডিপেনডেন্ট ক্রিটিকস বিভাগের প্রধান এই সম্মানজনক পুরস্কার তুলে দেন। ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গত ৬ সেপ্টেম্বর সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এরপর থেকেই আন্তর্জাতিক গণমাধ্যমে প্রশংসা পাচ্ছে সিনেমাটি।
পুরস্কার পাওয়ার পর রুবাইয়াত হোসেন বলেন, ভেনিসের মতো উৎসবে এত সিনেমার মধ্য থেকে এই স্বীকৃতি পাওয়া তার জন্য গভীরভাবে অর্থবহ। এ স্বীকৃতির জন্য তিনি জুরিদের প্রতি কৃতজ্ঞতা জানান।
সিনেমাটির ভাবনা সম্পর্কে নির্মাতা বলেন, নারীরা কীভাবে নিজেদের শরীরকে ধারণ করতে, নিয়ন্ত্রণ করতে এবং কখনো কখনো ভয় পেতে শেখে—দীর্ঘদিনের ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকেই তিনি সিনেমাটি নির্মাণ করেছেন।
তার প্রত্যাশা, সিনেমাটির মাধ্যমে দর্শক বাংলাদেশকে শুধু সামাজিক বাস্তবতার মধ্য দিয়ে নয়, বরং এর কল্পনা, লোককথা, অন্ধকার ও সৌন্দর্যের মধ্য দিয়েও নতুনভাবে আবিষ্কার করতে পারবেন।
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাইনিন করিম চৌধুরী। অতিথি চরিত্রে রয়েছেন আজমেরী হক বাঁধন ও সুনেরাহ্ বিনতে কামাল। এ ছাড়া অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম, মোহাম্মদ বারী, রিকিতা নন্দিনী শিমুসহ আরও অনেকে।
বিশ্বের অন্যতম প্রাচীন চলচ্চিত্র উৎসব ভেনিসের এবারের আসর শেষ হচ্ছে আজ শনিবার (১২ সেপ্টেম্বর)। এদিন অরিজন্তি বিভাগের অফিশিয়াল পুরস্কারও ঘোষণা করা হবে।
এদিকে ভেনিস উৎসবের পাশাপাশি ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ জায়গা করে নিয়েছে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও। ভেনিস পর্ব শেষে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলা টরন্টো উৎসবে অংশ নিতে কানাডায় যাবেন নির্মাতা রুবাইয়াত হোসেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন