তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সজীবের মৃত্যুর বিষয়টি তাঁর সহকর্মী নির্মাতা ও অভিনয়শিল্পীরা নিশ্চিত করেছেন। তারা জানান, মঙ্গলবার বাদ জোহর রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টর কবরস্থানে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।
নির্মাতা আশিকুর রহমান জানান, হৃদ্রোগজনিত সমস্যায় ভুগছিলেন সজীব। কিছুদিন আগে চিকিৎসা নিয়ে সুস্থও হয়ে উঠেছিলেন তিনি।
নাট্যাঙ্গনের তরুণ নির্মাতাদের মধ্যে মারুফ হোসেন সজীব ছিলেন আলোচিত একজন। তিনি নিজেই গল্প লিখতেন এবং নাটক নির্মাণ করতেন। কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন সময়ে বেশ কিছু সম্মাননাও পেয়েছেন।
সজীবের নির্মিত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে—‘বিলোপ’, ‘বাবুই পাখির বাসা’, ‘রঙিন কাগজ’, ‘আধার’, ‘সিকিউরিটি গার্ল’, ‘তোমাকে পাওয়ার জন্য’, ‘হাসি’, ‘বিকেল বেলার ছাদ’, ‘দুষ্ট মিষ্টি প্রেম’, ‘আদরের চাঁদ’, ‘জোড়া শালিকের ঘর’, ‘জলকৌড়ি’, ‘দু’জন দুজনার’, ‘বাবলার জাদুর বাক্স’, ‘খুশি’, ‘আজ আকাশে চাঁদ নেই’, ‘কথা বন্ধু’, ‘কাজল চোখের মেয়ে’, ‘আপনারা আমাকে শুনুন’, ‘আজকাল তুমি আমি’, ‘১০০ বিঘা ফুল বাগান’, ‘মুমতা’, ‘মেঘলা’ ও ‘নুসাইবা’।
তাঁর মৃত্যুতে নাট্যাঙ্গনের সহকর্মী ও অভিনয়শিল্পীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন