শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় ও তাদের কল্যাণে সবসময় পাশে থাকার অঙ্গীকার করেছেন বাংলাদেশ জনতা পার্টি (বিজেপি)-এর প্রেসিডেন্ট মিঠুন চৌধুরী।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রাজধানীর তাকওয়া কমিউনিটি সেন্টারে জাতীয় শ্রমিক জোট (জেএসজে)-এর কামরাঙ্গীরচর থানা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জনতা পার্টি (বিজেপি)-এর প্রেসিডেন্ট মিঠুন চৌধুরী।
সম্মেলনে শ্রমিকদের ন্যায্য মজুরি, অধিকার, মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় মিঠুন চৌধুরী বলেন, “শ্রমিকরা দেশের অর্থনীতি ও উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বাংলাদেশ জনতা পার্টি সবসময় পাশে থাকবে।”
তিনি বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো শ্রমিক যেন বৈষম্য, বঞ্চনা কিংবা অন্যায়ের শিকার না হন—এ বিষয়ে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেসবাহ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় জোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নূরুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, সালেহা ইসলাম শাখার সভাপতি এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান, সুত্রাপুর ইউনিয়ন পরিষদ, কামরাঙ্গীরচর, ঢাকা হাজী মো. মনির হোসেন।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজনীতিবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব সুমি প্রিয়সিসহ বিভিন্ন রাজনৈতিক, শ্রমিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সম্মানিত ব্যক্তিবর্গ।
সম্মেলনে সভাপতিত্ব করেন শহিদুল ইসলাম, আহ্বায়ক, সম্মেলন প্রস্তুতি কমিটি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন