চলতি বছরই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত মসজিদ ও মন্দির কর্তৃপক্ষের হাতে অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকট একটি বৈশ্বিক সমস্যা। এর প্রভাব বাংলাদেশেও পড়ছে। সরকার এ সমস্যা সমাধানে কাজ করছে। একই সঙ্গে দেশের ১৩০টি গ্যাসকূপ অনুসন্ধানের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
তারেক রহমান বলেন, তেল, বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কিছু অসাধু ব্যক্তি অবৈধ কর্মকাণ্ডে জড়িত। দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যারা অবৈধ ও অন্যায় কর্মকাণ্ড করবে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, রাষ্ট্রীয় সম্পদ অবৈধভাবে কাউকে নিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে না। অতীতে রাষ্ট্রের সম্পদ ব্যক্তি স্বার্থে ব্যবহার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে যাতে কেউ রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিস্বার্থে ব্যবহার করতে না পারে, সে জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।
অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে ঢাকা-১৭ আসনের ২৮টি মসজিদকে ২ লাখ ৪৭ হাজার টাকা করে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। এ ছাড়া শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১০টি মন্দিরকে ৩ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়।
ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে সহযোগিতা এবং শারদীয় দুর্গাপূজার আয়োজন নির্বিঘ্ন করতে এসব আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন