উজিরপুরে নিয়ন্ত্রণ হারানো বাসের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ৭
19 জন পড়েছেন
উজিরপুরে নিয়ন্ত্রণ হারানো বাসের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ৭
ঢাকা-বরিশাল মহাসড়কে একের পর এক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির মিছিল যেন থামছেই না। এবার বরিশালের উজিরপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার জয়শ্রী বাজারের সাজু পাম্প সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঢাকা থেকে বরিশালগামী বিএমএফ পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১১-৭২৯৫) একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে মহাসড়কে চলাচলরত দুটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। পরে বাসটি সামনে থাকা একটি ট্রাকের (যশোর ট-১১-২৯৩৬) পেছনে গিয়ে আঘাত করলে ভয়াবহ দুর্ঘটনার সৃষ্টি হয়।
সংঘর্ষের তীব্রতায় বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটিরও আংশিক ক্ষতি হয়। দুর্ঘটনার পর মহাসড়কে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
দুর্ঘটনায় গুরুতর আহত রিকশাচালক মোশাররফ হোসেন (৬০)-কে স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতরা উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, “দুর্ঘটনার বিষয়টি হাইওয়ে পুলিশ তদারকি করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
“
উজিরপুরে নিয়ন্ত্রণ হারানো বাসের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ৭
—