গ্রাহকদের দ্রুত, সহজ ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা দেওয়ার লক্ষ্যে নতুন ফোরজি ওয়াইফাই রাউটার চালু করেছে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক।
সোমবার (১৪ সেপ্টেম্বর) টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে নতুন এই ফোরজি ওয়াইফাই রাউটার উদ্বোধন করেন। এ সময় সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টেলিটক জানিয়েছে, গ্রাহকদের জন্য রাউটার, একটি টেলিটক সিম ও ৩.৯৯ জিবি ডাটার সমন্বয়ে প্যাকেজটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৯৯ টাকা।
নতুন এই সেবার মাধ্যমে গ্রাহকরা টেলিটকের ফোরজি নেটওয়ার্ক ব্যবহার করে বাসা, অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে সহজে ইন্টারনেট সংযোগ নিতে পারবেন। এর ফলে অনলাইন কার্যক্রম পরিচালনায় গ্রাহকদের সুবিধা আরও বাড়বে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
টেলিটকের দাবি, ফোরজি ওয়াইফাই রাউটার চালুর মাধ্যমে গ্রাহকসেবার পরিধি সম্প্রসারণের পাশাপাশি ক্রমবর্ধমান ইন্টারনেট চাহিদা পূরণে নতুন সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে জানানো হয়, উন্নত, নিরবচ্ছিন্ন ও মানসম্মত টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশব্যাপী নেটওয়ার্ক সম্প্রসারণ ও আধুনিকায়নের কাজ চালিয়ে যাচ্ছে টেলিটক।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন