চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তাকে দেখতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সিএমএইচে গিয়ে চিকিৎসাধীন ওই কর্মকর্তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ জানান, প্রধানমন্ত্রী আহত কর্মকর্তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন। একই সঙ্গে উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী আহত কর্মকর্তা ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সাহস ও সান্ত্বনা দেন।
উল্লেখ্য, গত বুধবার (৯ সেপ্টেম্বর) হাটহাজারীতে সেনাবাহিনীর নিয়মিত ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে দুই সেনাসদস্য নিহত এবং এক কর্মকর্তা গুরুতর আহত হন। পরে আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকার সিএমএইচে নেওয়া হয়।
সিএমএইচ পরিদর্শনকালে মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন