মিরপুরে বাড়ি দখল, ভাঙচুর, মারধর ও চাঁদা দাবির অভিযোগে করা একটি মামলায় প্রথমবারের মতো স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নকে (এসআরবি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (২০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে মো. মিজানুর রহমান ওরফে বাচ্চু মামলার আবেদন করেন। শুনানি শেষে আদালত অভিযোগটি আমলে নিয়ে এসআরবিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মামলায় হেমায়েত উদ্দিন সুমন, মো. নাজমুল হোসেন ও মুন্নী আক্তার মিষ্টিকে আসামি করা হয়েছে।
আদালতের আদেশে বলা হয়েছে, এসআরবি আইনে মাদক, সাইবার অপরাধ, ভূমি ও ভূমিদস্যুতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রয়েছে। মামলাটি ভূমিসংক্রান্ত হওয়ায় আইনের ১৫(২) ধারা অনুযায়ী এসআরবির মহাপরিচালককে এসআই পদমর্যাদার নিচে নয়—এমন একজন সদস্য দিয়ে মামলাটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
মালিকদের অনুপস্থিতিতে বাড়ি দখলের অভিযোগ
মামলার অভিযোগে বলা হয়েছে, মিরপুর হাউজিং এস্টেটের একটি বহুতল ভবনের মালিক ইউনুস আলী ও রুমা আক্তার বর্তমানে কানাডায় অবস্থান করছেন। তাদের সম্পত্তি দেখাশোনা করেন ইউনুস আলীর চাচা মো. মিজানুর রহমান।
অভিযোগ অনুযায়ী, মালিকদের অনুপস্থিতির সুযোগ নিয়ে আসামিরা দীর্ঘদিন ধরে বাড়িটি দখলের চেষ্টা করে আসছিলেন।
এর ধারাবাহিকতায় ২০২৫ সালের ১৬ জুলাই হেমায়েত উদ্দিন সুমনের নেতৃত্বে আসামিরা জোর করে বাড়িতে প্রবেশ করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় বাধা দেওয়া হলে মিজানুর রহমানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, পরে হেমায়েত উদ্দিন মিজানুর রহমানের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে বাড়িতে ভাঙচুর চালানো হয় এবং সেখান থেকে দুই লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।
আদালতের নির্দেশের পর এখন এসআরবির তদন্তে অভিযোগগুলোর বিষয়ে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করে প্রতিবেদন দাখিল করা হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন