সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনারের স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে ডিএমপি সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়। আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিও রেকর্ডটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে একজনের কথোপকথন শোনা যায়। বিভিন্ন প্রতিবেদনে ওই ব্যক্তিকে ওসি রাকিবুল হাসান হিসেবে উল্লেখ করা হয়েছে। অডিওতে শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে ‘কিছু হবে না’—এমন বক্তব্য শোনা যায়।
তবে অডিওটি নিয়ে নিজের ফেসবুক পোস্টে ওসি রাকিবুল হাসান দাবি করেন, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
অডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার মধ্যে বৃহস্পতিবার তাকে ক্যান্টনমেন্ট থানা থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত জানায় ডিএমপি। ডিএমপি জানিয়েছে, তাকে প্রশাসনিক কারণে প্রত্যাহার করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন