বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত বিশেষায়িত স্কুল ‘ব্লু স্কাই’ পরিদর্শন করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জুবাইদা রহমান।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে অবস্থিত স্কুলটি পরিদর্শন করেন তিনি।
জুবাইদা রহমান স্কুলে পৌঁছালে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) ও আদার্স উইমেন অ্যান্ড চিলড্রেন ক্লাবের (ওডব্লিউসিসি) সভাপতি সালেহা খান তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় স্কুলের শিক্ষার্থীরাও তাকে শুভেচ্ছা জানায়।
পরিদর্শনকালে জুবাইদা রহমান স্কুলের বিভিন্ন শ্রেণি কার্যক্রম ঘুরে দেখেন। পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পরিচালিত হাইড্রোথেরাপি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, সাইকোলজি ও মিউজিক থেরাপি কার্যক্রম সরেজমিনে প্রত্যক্ষ করেন।
স্কুল কর্তৃপক্ষ জানায়, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাভাবিক ও স্বাবলম্বী জীবনযাপনে সহায়তার জন্য ২৮ জন প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক ও থেরাপিস্ট কাজ করছেন। স্কুলের অধ্যক্ষ পরিদর্শনকালে শিক্ষা ও কারিগরি কার্যক্রম, থেরাপি সুবিধা এবং মেডিকেল ইমার্জেন্সি ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে জুবাইদা রহমানকে অবহিত করেন।
বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির উদ্যোগে ২০২১ সালে ‘ব্লু স্কাই’ স্কুলটি প্রতিষ্ঠিত হয়। এখানে সর্বোচ্চ পাঁচজন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক এবং একজন সিস্টার বা ব্রাদারের মাধ্যমে নিবিড়ভাবে শ্রেণি কার্যক্রম পরিচালনা করা হয়।
প্রতিষ্ঠার পর থেকে অনেক বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী এখান থেকে মূলধারার শিক্ষায় যুক্ত হয়েছে। পাশাপাশি কারিগরি শিক্ষা কার্যক্রমের মাধ্যমে অনেক শিশুকে সহকারী থেরাপিস্ট হিসেবে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্কুল পরিদর্শন শেষে জুবাইদা রহমান বাফওয়ার বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে ‘বাফওয়া কর্নার’ পরিদর্শন করেন। সেখানে তিনি বাফওয়া ক্রাফটস অ্যান্ড বুটিক, দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ প্রকল্প এবং ইন্ডাস্ট্রিয়াল হোমের প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন। প্রশিক্ষণার্থীদের তৈরি বিভিন্ন হস্তশিল্প সামগ্রীও দেখেন তিনি।
পরে ‘ব্লু স্কাই’ স্কুল ও বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারির শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন জুবাইদা রহমান।
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য বাফওয়ার বিভিন্ন সুযোগ-সুবিধা এবং নারীদের দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার উদ্যোগের প্রশংসা করেন তিনি।
অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন), বাফওয়া কেন্দ্রীয় কমিটির সহ-সভানেত্রী, বাফওয়া এ কে খন্দকার ও বাশার-এর সভানেত্রী ও সহ-সভানেত্রীসহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন