রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের তিন সদস্যকে আটক করেছে বসুন্ধরা সিকিউরিটি টিম। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে জব্দ করা প্রাইভেটকার ও অন্যান্য আলামতসহ আটক তিনজনকে আইনি প্রক্রিয়ার জন্য ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটকরা হলেন মো. সুজন মিয়া (২৮), মো. আল-আমিন (৩১) ও মো. জাহিদ (৩৬)।
সিকিউরিটি টিম সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে একটি সন্দেহভাজন প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ২৩-৬৭৮০) বসুন্ধরা আবাসিক এলাকার ৪ নম্বর গেট দিয়ে প্রবেশ করে। গাড়িটির ছবি আগে থেকেই নিরাপত্তাকর্মীদের কাছে সংরক্ষিত থাকায় দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মী সেটি শনাক্ত করেন।
পরে বসুন্ধরা সিকিউরিটি টিম গাড়িটির গতিবিধি অনুসরণ করে ধাওয়া দেয়। একপর্যায়ে চক্রটির সদস্যদের হাতেনাতে আটক করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আটক ব্যক্তিরা এর আগেও বসুন্ধরা আবাসিক এলাকার এ, আই, এল ও জি ব্লকসহ বিভিন্ন স্থান থেকে একাধিক মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেল চোরচক্রের তিন সদস্যকে আটক করে বসুন্ধরা সিকিউরিটি টিম থানায় হস্তান্তর করেছে।
তিনি আরও জানান, চুরি হওয়া একাধিক মোটরসাইকেলের মালিক আইনি ব্যবস্থা নিতে থানায় উপস্থিত হয়েছেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন