ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হাত ও মুখ স্কচটেপ দিয়ে পেঁচানো অবস্থায় আরজান মিয়া (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কলেজ মোড় এলাকার একটি ঝোঁপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আরজান মিয়া হবিগঞ্জের লাখাই উপজেলার চিকনপুর গ্রামের আব্দুল আওয়ালের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন আরজান। সোমবার সকালে পরিবারের সদস্যরা লাখাই থানায় গিয়ে তার নিখোঁজের বিষয়টি জানান। এর কিছুক্ষণ পর তারা নাসিরনগরে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধারের খবর পান। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি আরজানের বলে শনাক্ত করেন স্বজনরা।
স্থানীয় পথচারীরা কলেজ মোড় এলাকার ঝোঁপে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই)-এর সদস্যরাও ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ ও তদন্তে অংশ নেন।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহতের হাত ও মুখ স্কচটেপ দিয়ে পেঁচানো ছিল এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার তদন্তে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা কাজ করছেন।
মরদেহের ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন