সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন ও ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে জারি করা প্রজ্ঞাপনে বিভিন্ন গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের নতুন মূল বেতন নির্ধারণের পাশাপাশি মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব, সিনিয়র সচিব ও সমমর্যাদার কর্মকর্তাদের বেতনও নির্ধারণ করা হয়েছে।
নতুন বেতন কাঠামোয় গ্রেডভেদে সরকারি চাকরিজীবীদের প্রারম্ভিক মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। গ্রেড-১ থেকে গ্রেড-১১ পর্যন্ত মূল বেতন দ্বিগুণ করা হয়েছে। আর গ্রেড-১২ থেকে গ্রেড-২০ পর্যন্ত বেতন বেড়েছে ১১৫ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত।
প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও সমমর্যাদার পদে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার টাকা। আগে এ বেতন ছিল ৮৬ হাজার টাকা। সিনিয়র সচিব ও সমমর্যাদার কর্মকর্তাদের মূল বেতন ৮২ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬৪ হাজার টাকা করা হয়েছে।
গ্রেড-১-এ প্রারম্ভিক মূল বেতন ৭৮ হাজার থেকে বেড়ে হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। গ্রেড-২-এ ৬৬ হাজার থেকে ১ লাখ ৩২ হাজার, গ্রেড-৩-এ ৫৬ হাজার ৫০০ থেকে ১ লাখ ১৩ হাজার এবং গ্রেড-৪-এ ৫০ হাজার থেকে ১ লাখ টাকা করা হয়েছে।
এ ছাড়া গ্রেড-৫-এ ৪৩ হাজার থেকে ৮৬ হাজার, গ্রেড-৬-এ ৩৫ হাজার ৫০০ থেকে ৭১ হাজার, গ্রেড-৭-এ ২৯ হাজার থেকে ৫৮ হাজার, গ্রেড-৮-এ ২৩ হাজার থেকে ৪৬ হাজার এবং গ্রেড-৯-এ ২২ হাজার থেকে ৪৪ হাজার টাকা করা হয়েছে। গ্রেড-১০-এর বেতন ১৬ হাজার থেকে বেড়ে হয়েছে ৩২ হাজার টাকা।
নিচের গ্রেডগুলোতেও উল্লেখযোগ্য হারে বেতন বাড়ানো হয়েছে। গ্রেড-১১-এ ১২ হাজার ৫০০ থেকে ২৫ হাজার, গ্রেড-১২-এ ১১ হাজার ৩০০ থেকে ২৪ হাজার ৩০০, গ্রেড-১৩-এ ১১ হাজার থেকে ২৪ হাজার এবং গ্রেড-১৪-এ ১০ হাজার ২০০ থেকে ২৩ হাজার ৫০০ টাকা করা হয়েছে।
গ্রেড-১৫-এ ৯ হাজার ৭০০ থেকে ২২ হাজার ৮০০, গ্রেড-১৬-এ ৯ হাজার ৩০০ থেকে ২১ হাজার ৯০০, গ্রেড-১৭-এ ৯ হাজার থেকে ২১ হাজার ৪০০, গ্রেড-১৮-এ ৮ হাজার ৮০০ থেকে ২১ হাজার, গ্রেড-১৯-এ ৮ হাজার ৫০০ থেকে ২০ হাজার ৫০০ এবং গ্রেড-২০-এ ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন