কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, রামিসা হত্যাকাণ্ডের বিচার যেভাবে দ্রুত সম্পন্ন হয়েছিল, অপ্রতিম হত্যার ক্ষেত্রেও একইভাবে দ্রুত বিচার নিশ্চিত করা হবে।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, কুমিল্লার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় সারাদেশের মানুষ মর্মাহত। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ মরদেহ উদ্ধার এবং পরবর্তী সময়ে সন্দেহভাজনদের আটক করতে সক্ষম হয়েছে। তাঁর দাবি, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং তারা আদালতে অপরাধ স্বীকার করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আটক ব্যক্তিরা মূলত কিশোর অপরাধী এবং নিহত অপ্রতিমের পরিচিত ছিল। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আলামতও পুলিশ ইতোমধ্যে সংগ্রহ করেছে।
তিনি আরও বলেন, এ ধরনের গুরুতর অপরাধের পেছনে মাদকসহ বিভিন্ন সামাজিক কারণ কাজ করে। কিশোর অপরাধ প্রতিরোধে স্কুল পর্যায়ে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়ানোর মাধ্যমে সামাজিক সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
দীর্ঘদিন ধরে চলে আসা সামাজিক অবক্ষয় প্রতিরোধে সরকার ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন