রাজধানী ঢাকায় নিজেদের একটি অফিস বা ফোকাল পয়েন্ট স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মালিকানাধীন মার্কিন বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের স্থানীয় সময় জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মেটার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে উপস্থিত থাকার কথা থাকলেও সময়ের অভাবে তিনি অংশ নিতে পারেননি। তবে বাংলাদেশের পক্ষ থেকে মেটার সঙ্গে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
ঢাকায় অফিস খোলার বিষয়ে মেটার আগ্রহের কথা তুলে ধরে শামা ওবায়েদ বলেন, বর্তমানে ভারতে তুলনায় বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বেশি। বিপুলসংখ্যক ব্যবহারকারীর বিষয়টি বিবেচনায় নিয়ে ঢাকায় একটি ফোকাল পয়েন্ট বা অফিস স্থাপনে মেটা অত্যন্ত আগ্রহী। এ বিষয়ে মেটার সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
বৈঠকে অফিস স্থাপনের পাশাপাশি বাংলাদেশের ডিজিটাল অবকাঠামো ও আইনি কাঠামো নিয়েও আলোচনা হয়। দেশের সাইবার সিকিউরিটি অ্যাক্ট (সিএসএ) নিয়েও মেটা কর্তৃপক্ষের সঙ্গে গঠনমূলক আলোচনা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
এ ছাড়া বাংলাদেশের বিকাশমান ই-কমার্স খাত এবং অনলাইন ব্যবসা-বাণিজ্যের প্রসারে মেটা কীভাবে আরও কার্যকর সহযোগিতা করতে পারে, সে বিষয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা ও সমঝোতা হয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ এবং নিউইয়র্ক সফরের প্রথম দিনের বিভিন্ন কার্যক্রম ও অগ্রগতি গণমাধ্যমের সামনে তুলে ধরতে সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়। সেখানেই মেটার সঙ্গে বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়টি জানানো হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন