জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছে তাঁর সফরসঙ্গী প্রতিনিধিদল। স্থানীয় সময় সোমবার রাত ৯টায় ম্যানহাটনের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সফরের কর্মসূচি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য বৈঠক এবং প্রতিনিধিদলের আকার নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।
চার দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলাদা বা দ্বিপক্ষীয় বৈঠক হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর বলেন, সফরটির মূল লক্ষ্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়া এবং বিশ্বনেতাদের সঙ্গে বহুপক্ষীয় পর্যায়ে মতবিনিময় করা।
ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য বৈঠক প্রসঙ্গে তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ইতোমধ্যে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে তাঁর সঙ্গে সাক্ষাতের আগ্রহের কথা জানিয়েছেন। তবে এ বিষয়টি পৃথক দ্বিপক্ষীয় সফরের অংশ হিসেবে ভবিষ্যতে উভয় পক্ষের সুবিধাজনক সময়ে বিবেচনা করা হতে পারে।
এর আগে গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেওয়া এক চিঠিতে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে বিমান কেনার সিদ্ধান্তের জন্য ট্রাম্প ধন্যবাদ জানান। ওই চিঠিতে তিনি ভবিষ্যতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের প্রত্যাশার কথাও উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে হুমায়ুন কবীর বলেন, জাতিসংঘের বিশ্বমঞ্চে বাংলাদেশের অভ্যন্তরীণ বা দলীয় রাজনীতি নিয়ে আলোচনা করার পরিকল্পনা নেই। বরং গণতান্ত্রিক রূপান্তরের পর বাংলাদেশের নতুন যাত্রা, ভবিষ্যৎ নীতি ও উন্নয়ন পরিকল্পনা আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরা হবে।
তিনি জানান, বহুপক্ষীয় আলোচনায় বাংলাদেশের জাতীয় স্বার্থ, উন্নয়ন, গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে দেশের অবস্থান তুলে ধরা হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন সফরসঙ্গী প্রতিনিধিদলের আকার নিয়েও কথা বলেন। তিনি জানান, অতীতের তুলনায় এবার ছোট ও প্রয়োজনভিত্তিক প্রতিনিধিদল নিয়ে সফর করা হচ্ছে। এতে প্রয়োজনীয় সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, নিরাপত্তাকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা রয়েছেন।
সফরসঙ্গী প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ, জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান। ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে আগামী ২৪ সেপ্টেম্বর তাঁর বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সফরে জাতিসংঘের অধিবেশনের পাশাপাশি বিভিন্ন বিশ্বনেতার সঙ্গে দ্বিপক্ষীয় ও পার্শ্ববৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন