জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক বা নতুন করে বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি হবে কি না—এ বিষয়ে কোনো কিছুই এখনো চূড়ান্ত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।
রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রসচিব বলেন, বহুপাক্ষিক সম্মেলনে রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানদের সফরের কর্মসূচি সাধারণত চলমান প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্ধারিত হয়। আগে থেকে নির্ধারিত কর্মসূচির সবকিছু অপরিবর্তিত থাকবে—এমন নয়। আবার শুরুতে নির্ধারিত না থাকা কোনো কর্মসূচিও পরে যুক্ত হতে পারে।
তিনি বলেন, “সুতরাং, এটা একটা চলমান প্রক্রিয়া। আমরা দেখি, সব অপশন খোলা রয়েছে।”
প্রধানমন্ত্রীর সফরকালে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা এবং বোয়িং থেকে আরও উড়োজাহাজ কেনার বিষয়ে চুক্তির সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্রসচিব এ বক্তব্য দেন।
এর আগে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অতিরিক্ত ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে বাংলাদেশের সম্ভাব্য চুক্তির খবর প্রকাশিত হয়েছে। সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে এ বিষয়ে একটি চুক্তি হতে পারে। তবে উড়োজাহাজের ধরন, মূল্য, অর্থায়ন কাঠামো ও সরবরাহের সময়সূচির বিস্তারিত তখনও প্রকাশ করা হয়নি।
গত আগস্টে মার্কিন বিশেষ দূত সার্জিও গোর জানিয়েছিলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে অতিরিক্ত বোয়িং উড়োজাহাজ কিনতে কয়েক বিলিয়ন ডলারের একটি চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো এক চিঠিতে বোয়িং কেনার সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের প্রত্যাশার কথা জানান।
এদিকে, এপ্রিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য বোয়িংয়ের ১৪টি উড়োজাহাজ কেনার বিষয়ে ৩ দশমিক ৭ বিলিয়ন ডলারের চুক্তি হয়েছিল। সম্ভাব্য নতুন ১১টি উড়োজাহাজের চুক্তি হলে সেটি ওই অর্ডারের অতিরিক্ত হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন