জাল শিক্ষাগত সনদ দিয়ে চাকরি নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় রাজধানীর হাতিরপুলের মোহাম্মদ গোলাম মাওলাকে চাকরি থেকে অপসারণের পর এবার প্রায় ৪২ লাখ টাকা বেতন-ভাতা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাধারণ ও সংস্থাপন শাখা থেকে গত ১৭ সেপ্টেম্বর এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।
অফিস আদেশ অনুযায়ী, গোলাম মাওলা ২০০৭ সালের ৩১ জানুয়ারি সুপ্রিম কোর্টে অফিস সহকারী পদে চাকরিতে যোগ দেন। দীর্ঘদিন চাকরি করার পর তার বিরুদ্ধে জাল শিক্ষাগত সনদ ব্যবহার করে চাকরি নেওয়ার অভিযোগ ওঠে।
এ ঘটনায় ২০২১ সালে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় চলতি বছরের ২১ জানুয়ারি তাকে চাকরি থেকে অপসারণ করা হয়।
আদেশে বলা হয়েছে, জাল-জালিয়াতির মাধ্যমে তৈরি শিক্ষাগত যোগ্যতার সনদের ভিত্তিতে গোলাম মাওলা অফিস সহকারী পদে চাকরি নিয়েছেন। বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় বিধি অনুযায়ী তাকে অপসারণ করা হয়েছে। একই সঙ্গে তার চাকরি শুরু থেকেই বাতিল হিসেবে গণ্য হবে।
সুপ্রিম কোর্টের আদেশে আরও বলা হয়, চাকরি শুরু থেকেই বাতিল হিসেবে গণ্য হওয়ায় তিনি চাকরিকালীন কোনো বেতন-ভাতা পাওয়ার অধিকারী নন।
হিসাব অনুযায়ী, ২০০৭ সালের ৩১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরিকালে গোলাম মাওলা বেতন-ভাতা বাবদ মোট ৪২ লাখ ৩ হাজার ৯০১ টাকা উত্তোলন করেছেন।
এই অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দিয়ে অফিস আদেশে বলা হয়েছে, অটোমেটেড চালান সিস্টেমের মাধ্যমে আগামী ৩০ দিনের মধ্যে পুরো ৪২ লাখ ৩ হাজার ৯০১ টাকা সরকারি কোষাগারে জমা দিতে হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন