জনপ্রতিনিধিদের জন্য বিশেষায়িত, পূর্ণাঙ্গ ও বাধ্যতামূলক নৈতিক আচরণবিধি প্রণয়নের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যু এবং এর আগে ঘটে যাওয়া ঘটনাকে ঘিরে ওঠা অভিযোগের পর মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ দাবি জানায়।
একই সঙ্গে মরিয়মের মৃত্যুর ঘটনা ও এর আগে ওঠা অভিযোগগুলোর নিরপেক্ষ ও প্রভাবমুক্ত তদন্তের আহ্বান জানিয়েছে টিআইবি। পাশাপাশি গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বহাল থাকা নিয়ে জাতীয় সংসদ ও নির্বাচন কমিশনের কাছে স্পষ্ট অবস্থান জানতে চেয়েছে সংস্থাটি।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, কোনো অভিযোগ প্রমাণিত হওয়ার আগে কাউকে অপরাধী সাব্যস্ত করা যায় না। তবে গুরুতর অভিযোগ ও নৈতিকতার প্রশ্নে একজন জনপ্রতিনিধির জবাবদিহির বিষয়টি সংসদের বিবেচনায় থাকা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগ, দলীয়ভাবে নেওয়া ব্যবস্থা এবং মরিয়মের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলার পরও তাঁর সংসদ সদস্য পদ বহাল থাকা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে ফৌজদারি দায় নির্ধারণের বিষয়টি আদালতের এখতিয়ার বলেও উল্লেখ করেন তিনি।
ইফতেখারুজ্জামান আরও বলেন, সংসদ সদস্যের নৈতিকতা, ক্ষমতার ব্যবহার ও জনগণের আস্থার প্রশ্নে জবাবদিহি নিশ্চিত করার দায়িত্ব সংসদের। গুরুতর নৈতিক স্খলন, স্বার্থের সংঘাত, ক্ষমতার অপব্যবহার কিংবা সংসদের মর্যাদা ক্ষুণ্নকারী আচরণের ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে সুস্পষ্ট বিধান থাকা প্রয়োজন।
সংবিধানের ৬৬(২)(ঘ) অনুচ্ছেদের প্রসঙ্গ তুলে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে অন্তত দুই বছরের কারাদণ্ড হলে একজন ব্যক্তি সংসদ সদস্য থাকার অযোগ্য হন। তাঁর মতে, বর্তমান অভিযোগ, গ্রেপ্তার বা রিমান্ডের মতো বিষয়গুলো নিজে থেকেই সাংবিধানিক অযোগ্যতা তৈরি করে না। তবে নৈতিক ও সংসদীয় জবাবদিহির জন্য পৃথক কাঠামো প্রয়োজন।
টিআইবি জানায়, সংসদ সদস্যদের জন্য নৈতিক আচরণবিধি প্রণয়নের দাবি তাদের দীর্ঘদিনের। এর আগে সংসদ সদস্যদের আচরণবিধি নিয়ে আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হলেও তা আইনে পরিণত হয়নি। প্রস্তাবিত কাঠামোয় ব্যক্তিগত স্বার্থে প্রভাব ব্যবহার না করা, স্বার্থের সংঘাত এড়িয়ে চলা এবং নিয়োগ, পদোন্নতি বা বদলিতে অনুচিত সুপারিশ না করার মতো বিষয় অন্তর্ভুক্ত ছিল।
সংস্থাটির দাবি, সাম্প্রতিক রাষ্ট্র ও নির্বাচনব্যবস্থা সংস্কারসংক্রান্ত বিভিন্ন প্রস্তাবেও সংসদ সদস্যদের জন্য পৃথক আচরণবিধি বা আইন প্রণয়নের প্রয়োজনীয়তার কথা উঠে এসেছে। তাই দীর্ঘদিন ধরে আলোচিত এ ধরনের বিধান দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করে টিআইবি।
এদিকে, মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলাটি তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলায় গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের কথা জানিয়েছে পুলিশ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন