চলন্ত অবস্থায় মেট্রোরেলের পেছনের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে উত্তরা-মতিঝিল রুটে ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরে যান্ত্রিক ত্রুটি মেরামত করে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এমআরটি পুলিশের (অপারেশন) পরিদর্শক মো. মহসীন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি মেট্রোরেলের পেছনের দরজা চলন্ত অবস্থায় হঠাৎ খুলে যায়। বিষয়টি জানার পর যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে সকাল ৭টা ৩৭ মিনিটে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
পরে সংশ্লিষ্ট কর্মীরা ট্রেনটির যান্ত্রিক ত্রুটি মেরামত করলে সকাল ৮টা ৩ মিনিটে পুনরায় মেট্রোরেল চলাচল শুরু হয়। এতে উত্তরা-মতিঝিল রুটে ২৬ মিনিট ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।
বর্তমানে ওই রুটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান এমআরটি পুলিশের এই কর্মকর্তা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন