গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার করসংক্রান্ত মামলায় সরকারের কোনো ধরনের হস্তক্ষেপের সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তিনি বলেছেন, বিষয়টি সম্পূর্ণভাবে আদালতের এখতিয়ারভুক্ত। ফলে মামলাটি আদালতের নিজস্ব গতিতেই চলবে। এ ক্ষেত্রে ড. মুহাম্মদ ইউনূস বা অন্য কারও প্রতি সরকারের অনুরাগ কিংবা বিরাগের প্রশ্ন নেই।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার করসংক্রান্ত বিষয়, হাইকোর্টের আদেশ এবং এ নিয়ে করা দুটি রিটের প্রসঙ্গ তুলে ধরেন। একই সঙ্গে প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে সরকারের কোনো বিশেষ বার্তা রয়েছে কি না, জানতে চান তিনি।
জবাবে জাহেদ উর রহমান বলেন, বিষয়টি আদালতের। এ নিয়ে আগে কিছুটা ভুল ধারণা ছিল। এখন কর মওকুফসংক্রান্ত বিষয়ে আদালতের রায় কী ছিল এবং কেন তা তখন কার্যকর হয়নি—সে বিষয়গুলো অনেকের সামনে বিস্তারিতভাবে এসেছে।
তিনি বলেন, তখন অন্তর্বর্তী সময় ছিল। বর্তমানে আদালতের নির্দেশ অনুযায়ী সংশ্লিষ্টদের কর পরিশোধ করতে বলা হয়েছে। আদালতের রায় অনুযায়ী তাদের ওই কর পরিশোধ করতে হবে।
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা বলেন, এটি হাইকোর্টের রায়ের বিষয় এবং সেই রায় অনুযায়ী সংশ্লিষ্টদের কর দিতে হবে। এ বিষয়ে সরকারের করার কিছু নেই।
মামলার পরবর্তী কার্যক্রমও আদালতের নিয়ম অনুযায়ী হবে জানিয়ে তিনি বলেন, মামলা এখন নিজস্ব গতিতে চলবে। সংশ্লিষ্টরা চাইলে বিষয়টি নিয়ে আপিল বিভাগে যেতে পারেন। সেখানে তাদের অবস্থান টেকসই না হলে আদালতের নির্দেশ অনুযায়ী কর পরিশোধ করতে হবে।
গ্রামীণ কল্যাণের এ মামলায় সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলেও স্পষ্ট করেন জাহেদ উর রহমান।
তিনি বলেন, সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। ড. মুহাম্মদ ইউনূস বা অন্য কারও প্রতি সরকারের অনুরাগ কিংবা বিরাগের প্রশ্নও এখানে নেই।
বিচার বিভাগের স্বাধীনতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিষয়টি যেহেতু বিচার বিভাগের, তাই সরকার বিশ্বাস করে বিচার বিভাগ স্বাধীনভাবে তার দায়িত্ব পালন করছে। অনেক ক্ষেত্রেই বিচার বিভাগ স্বাধীনভাবে তার দায়িত্ব পালন করছে বলেও মন্তব্য করেন তিনি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন