ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, প্রশাসনিক কারণে এম তানভীর আহমেদকে ডিএমপি সদর দপ্তরের সঙ্গে সংযুক্ত করা হলো। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
তবে তাকে সদর দপ্তরে সংযুক্ত করার সুনির্দিষ্ট কোনো কারণ অফিস আদেশে উল্লেখ করা হয়নি।
এর আগে একই দিন সকালে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকেও প্রত্যাহার করা হয়। সংশ্লিষ্ট সূত্রের দাবি, গুলশান-১ এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় তাদের বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
গুলশানে ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ
গত শুক্রবার গুলশান-১ এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী মিছিল বের করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীদের পক্ষ থেকে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ঘটনাস্থল থেকে পাঁচটি তাজা ককটেলসহ দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একই দিন গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।
মামলায় ১১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গত সোমবার পর্যন্ত মামলাটিতে ৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ২৪ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে।
আগাম তথ্য থাকা নিয়ে প্রশ্ন
গুলশানের মতো গুরুত্বপূর্ণ এলাকায় কয়েকশ মানুষের এমন জমায়েতের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আগে থেকেই তথ্য ছিল কি না, থাকলে কেন আগাম ব্যবস্থা নেওয়া হয়নি—এ নিয়ে ঘটনার পর প্রশ্ন উঠেছে।
মিছিলের সময় ককটেল বিস্ফোরণ এবং পরে বিপুলসংখ্যক ব্যক্তিকে গ্রেপ্তারের ঘটনাও আলোচনায় এসেছে। এর মধ্যেই গুলশান থানার ওসিকে প্রত্যাহারের পর এবার গুলশান বিভাগের উপপুলিশ কমিশনারকে সদর দপ্তরে সংযুক্ত করা হলো।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন