গাজীপুর সদর উপজেলায় একটি খাল থেকে সুটকেসের ভেতর এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ফকিরা গার্মেন্টস সংলগ্ন একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে কয়েকজন ব্যক্তি খালের ওপর নির্মিত কালভার্টে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তারা পানিতে একটি সুটকেস ভাসতে দেখেন। সুটকেসটির একাংশ খোলা ছিল এবং ভেতরে মানুষের দেহাংশ দেখা যাচ্ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা পুলিশকে খবর দেন।
ওসি আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুটকেস থেকে নারীর মরদেহ উদ্ধার করে। নিহত নারীর পরিচয় শনাক্তের জন্য সিআইডি ও পিবিআইকে খবর দেওয়া হয়েছে।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে অন্য কোথাও হত্যা করে মরদেহের অংশবিশেষ সুটকেসে ভরে নির্জন স্থানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। উদ্ধার করা দেহাংশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
ঘটনাস্থলে যাওয়া উপপরিদর্শক সুজন বলেন, মরদেহের একটি অংশ সুটকেসের ভেতরে এবং আরেকটি অংশ বাইরে পাওয়া গেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন