কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহজনকভাবে তুহিন নামে একজনকে আটক করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কোটবাড়ি পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মহিবুল আলম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অপ্রতিমের মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে। তদন্তের অংশ হিসেবে তুহিনকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে। তবে তার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ বা সন্দেহ রয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হয় অপ্রতিম। এরপর সে আর বাড়ি ফেরেনি। পরে তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিখোঁজের পর অপ্রতিমের মুঠোফোনের সর্বশেষ অবস্থান কুমিল্লা বিশ্ববিদ্যালয়-সংলগ্ন সামাজিক বনায়ন এলাকায় শনাক্ত হয়। ওই অবস্থানের ভিত্তিতে শনিবার ভোরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে তল্লাশি চালান। একপর্যায়ে ম্যাজিক প্যারাডাইস সংলগ্ন পশ্চিম সানন্দা এলাকায় অপ্রতিমের মরদেহ দেখতে পাওয়া যায়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
একমাত্র সন্তানকে হারিয়ে শোকাহত হয়ে পড়েছেন ড. নাহিদা বেগম ও তার স্বজনরা। অপ্রতিমের মৃত্যুর কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন