কানাডা, রাশিয়া ও সৌদি আরব থেকে রাষ্ট্রীয় ও জি-টু-জি (সরকার থেকে সরকার) পদ্ধতিতে ১ লাখ ৫৫ হাজার মেট্রিক টন সার আমদানির চারটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এসব সার আমদানিতে সরকারের মোট ব্যয় হবে ৯৮২ কোটি ৬১ লাখ ২৪ হাজার ৭০০ টাকা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবগুলো অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, কানাডা থেকে ৮০ হাজার মেট্রিক টন এবং রাশিয়া থেকে ৩৫ হাজার মেট্রিক টন মিউরেট অব পটাশ (এমওপি) সার আমদানি করা হবে। পাশাপাশি সৌদি আরব থেকে আমদানি করা হবে ৪০ হাজার মেট্রিক টন ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার।
প্রস্তাবগুলো বাস্তবায়ন করবে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। সার আমদানির অর্থ কৃষি ভর্তুকির জন্য বরাদ্দ বাজেট থেকে পরিশোধ করা হবে।
কানাডা থেকে দুই লটে ৮০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানিতে ব্যয় হবে ৩৭৯ কোটি ৩৪ লাখ ৭৯ হাজার ২০০ টাকা। রাশিয়া থেকে ৩৫ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানিতে ব্যয় হবে ১৬৫ কোটি ৮৯ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা।
অন্যদিকে, সৌদি আরব থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানিতে ব্যয় হবে ৪৩৭ কোটি ৩৬ লাখ ৭০ হাজার টাকা।
সব মিলিয়ে তিন দেশ থেকে ১ লাখ ৫৫ হাজার মেট্রিক টন সার আমদানিতে সরকারের ব্যয় হবে ৯৮২ কোটি ৬১ লাখ ২৪ হাজার ৭০০ টাকা। এ অর্থ কৃষি ভর্তুকি বাবদ বরাদ্দ বাজেট থেকেই ব্যয় করা হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন