লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মতিরহাট মাছঘাটে ২ কেজি ৭৫০ গ্রাম ওজনের একটি রাজা ইলিশ ১৩ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে স্থানীয় জেলে ফারুক মাঝি সাগর থেকে ধরে আনা ইলিশটি পৃথক ডাকের মাধ্যমে বিক্রি করেন। মাছটি কিনে নেন ঢাকার ব্যবসায়ী মো. বাহার মিয়া।
মতিরহাট ঘাটের আড়তদার ইব্রাহীম খোকন জানান, ফারুক মাঝি প্রায় এক সপ্তাহ পর সাগর থেকে ঘাটে ফিরে প্রায় দেড় লাখ টাকার ইলিশ বিক্রি করেন। এর মধ্যে সবচেয়ে বড় মাছটির ওজন ছিল ২ কেজি ৭৫০ গ্রাম। পরে পৃথক ডাকে মাছটি ১৩ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়।
ক্রেতা বাহার মিয়া জানান, মাছটি ঢাকার বাজারে নিয়ে বিক্রি করবেন। তার ধারণা, সেখানে মাছটি ১৬ থেকে ১৭ হাজার টাকা পর্যন্ত বিক্রি হতে পারে। বড় আকারের ইলিশে তুলনামূলক ভালো লাভ থাকে বলেও জানান তিনি।
তিনি বলেন, ছোট আকারের ইলিশে সাধারণত প্রতি কেজিতে ৫০ থেকে ১০০ টাকা লাভ হয়। তবে বড় ইলিশে লাভের পরিমাণ তুলনামূলক বেশি। ঢাকার বাজারে বিক্রির সময় পরিবহন ও ব্যবসায়িক খরচসহ বিভিন্ন পর্যায়ে মূল্য আরও বাড়তে পারে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন