রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনার পর নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, ফ্লাইওভার ও প্রবেশপথে দুই শতাধিক চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। বিশেষ নজর দেওয়া হচ্ছে মোটরসাইকেলসহ সন্দেহজনক যানবাহনের ওপর।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে একাধিক ককটেল বিস্ফোরণ এবং কাফরুল থানার সামনে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনার পর ঢাকার প্রবেশ ও বহির্গমনপথসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী জানান, রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট, ফ্লাইওভার ও প্রবেশপথে দুই শতাধিক চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে মোটরসাইকেলের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।
তিনি জানান, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় জিডি ও মামলা করা হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নগরীর নিরাপত্তা জোরদারে চেকপোস্ট ও পিকেট ডিউটির পাশাপাশি থানা মোবাইল প্যাট্রোল, ফুট প্যাট্রোল ও হোন্ডা প্যাট্রোল বাড়ানো হয়েছে। পুলিশের পাশাপাশি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নও (এসআরবি) গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে ৫১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৪৭টি মামলা করা হয়েছে। অভিযানে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০টি গুলি, চাপাতি, চাকু ও বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া অভিযানে ৯৪ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, ১১ হাজার ১৬৭টি ইয়াবা, ১২১ দশমিক ৩ গ্রাম হেরোইন, বিদেশি মদ ও বিয়ারসহ একটি প্রাইভেটকার, পাঁচটি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন