রাজধানীর হাইকোর্টের প্রধান ফটকের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে প্রধান ফটকের সামনের সড়কে এ বিস্ফোরণ ঘটে।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুর ১টার দিকে হাইকোর্টের প্রধান ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। প্রাথমিকভাবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে যাওয়ার সময় ককটেলটি ছুড়ে মারা হয়। তবে বিস্ফোরণে তাৎক্ষণিকভাবে কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। বিস্ফোরণের ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণার পর দুপুরের দিকে সুপ্রিম কোর্টের প্রধান প্রবেশপথের বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন