ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের শূন্যরেখার কাছ থেকে মো. শাকিল (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার আব্দুল্লাহপুর সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় অংশের লংকা মোড়া এলাকায় মরদেহটি পাওয়া যায়।
নিহত শাকিল আব্দুল্লাহপুর গ্রামের মালু মিয়ার ছেলে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ ও বিজিবি জানিয়েছে, শাকিল মানসিকভাবে অসুস্থ ছিল।
পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার থেকে নিখোঁজ ছিল শাকিল। শনিবার রাতে আব্দুল্লাহপুর সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় অংশের লংকা মোড়া এলাকায় তার মরদেহ দেখতে পায় বিজিবি সদস্যরা।
মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যরা শাকিলের পরিচয় শনাক্ত করেন।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, শাকিলের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তবে মরদেহটি ভারতীয় অংশে থাকায় বিজিবি-বিএসএফ এবং দুই দেশের পুলিশের মধ্যে আলোচনার পর ভারতীয় পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বাংলাদেশে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ ভারতীয় পুলিশ নিয়ে গেছে। মরদেহ পাওয়ার ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে কীভাবে শাকিল সীমান্তের শূন্যরেখায় পৌঁছাল এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন