নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগসহ সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সরকার উদ্বিগ্ন নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের প্রেক্ষাপটে আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি দিয়েছে। এর অংশ হিসেবে রাজধানীর কয়েকটি স্থানে রাতের অন্ধকারে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে তিনি উল্লেখ করেন। তবে এসব কর্মকাণ্ডে সরকার শঙ্কিত নয় বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে নেওয়া আইনগত পদক্ষেপ এবং তাদের সাম্প্রতিক কর্মকাণ্ড আইনশৃঙ্খলা বাহিনী পর্যবেক্ষণ করছে। রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজনদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। এর আগে সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুজনকে শনাক্ত করার কথা জানিয়েছিলেন তিনি।
ডিসেম্বরে দেশে ফেরার বক্তব্য নিয়েও শঙ্কা নেই
শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন—এমন বক্তব্য বা কর্মসূচি নিয়েও সরকার শঙ্কিত নয় বলে জানান সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাদের দেশে ফেরার বিষয়ে বিভিন্ন বক্তব্যে সরকার মনোযোগ দিচ্ছে না।
শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত সরকারের কাছে একাধিকবার অনুরোধ জানানো হয়েছে। বর্তমান সরকারও বিষয়টি অনুসরণ করছে এবং ভারত সরকার বিষয়টি আমলে নেবে বলে আশা করা হচ্ছে।
সরকারের শেখ হাসিনাকে ফেরানোর কূটনৈতিক ও আইনি প্রচেষ্টা অব্যাহত থাকার কথা সাম্প্রতিক সংসদীয় কমিটির বৈঠকেও জানানো হয়েছে।
বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরানোর সর্বশেষ অগ্রগতি জানতে চাইলে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সর্বশেষ তথ্য দিতে পারবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন