সৌদি আরবের রিয়াদ ও মদিনা অঞ্চলে কয়েক দফা হামলার পর দেশটির গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট পাইপলাইন সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় শুক্রবার (১১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে রিয়াদ ও মদিনা অঞ্চলে এসব হামলা চালানো হয়। হামলায় কয়েকজন আহত হয়েছেন। পরে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।
হামলার পর পাইপলাইনটির নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ও বিশেষায়িত কারিগরি দল মোতায়েন করা হয়। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এসব দল পাইপলাইনটির নিরাপত্তা পরিস্থিতি যাচাই করে।
জ্বালানি মন্ত্রণালয়ের ভাষ্য, সম্ভাব্য ঝুঁকি এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাইপলাইনটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতির পরিবর্তন হলে এ বিষয়ে পরবর্তী তথ্য জানানো হবে বলেও মন্ত্রণালয় জানিয়েছে।
সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় চলতি সপ্তাহের শুরুতেও হামলার ঘটনা ঘটে। দেশটির জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, ইরান-সমর্থিত হুতিরা আবহা, খামিস মুশাইত, জিজান ও নাজরান এলাকায় বেসামরিক ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এসব হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলের কয়েকটি তেল স্থাপনায় আগুন ধরে যায়। এর ফলে কয়েকটি স্থাপনার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে হয়।
সূত্র: আরব নিউজ
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন