হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী ট্যাংকারগুলোর নিরাপত্তায় নতুন ব্যবস্থা নিয়েছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সময়ে রাতে জাহাজগুলোতে ইরানের হামলা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে সামরিক সুরক্ষার জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে ট্যাংকার চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনের বরাত দিয়ে মিডল ইস্ট আই এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, হরমুজ প্রণালির দক্ষিণাংশে ওমানের উপকূল ঘেঁষে চলাচলকারী জাহাজগুলোকে গত মে মাস থেকে বিমানভিত্তিক সুরক্ষা সহায়তা দিয়ে আসছিল ওয়াশিংটন। তবে সাম্প্রতিক সময়ে রাতের বেলায় হামলার ঝুঁকি বেড়ে যাওয়ায় জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে চলাচলের সময়সীমা আরও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নৌ সমন্বয় কেন্দ্র থেকে সামুদ্রিক উপদেষ্টাদের কাছে পাঠানো একটি ইমেইলে এ নতুন নির্দেশনার কথা জানানো হয়।
ইমেইলের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের শুরু থেকে জাহাজ সুরক্ষার জন্য নির্ধারিত সময়সীমা কমিয়ে প্রতিদিন মাত্র দুটি নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়েছে। মূলত সম্ভাব্য হামলার ঝুঁকি কমিয়ে তেলবাহী ট্যাংকারগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতেই এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। মধ্যপ্রাচ্যের তেল রপ্তানির বড় একটি অংশ এই জলপথ দিয়ে পরিবহন হওয়ায় অঞ্চলটিতে নিরাপত্তা পরিস্থিতির যেকোনো অবনতি আন্তর্জাতিক জ্বালানি বাজারে প্রভাব ফেলতে পারে।
সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস, মিডল ইস্ট আই
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন