সৌদি আরবের নিরাপত্তা রক্ষায় ‘যেকোনো পর্যায়’ পর্যন্ত যেতে পাকিস্তান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরি। তিনি বলেছেন, রিয়াদের নিরাপত্তার প্রতি ইসলামাবাদের অঙ্গীকার ‘শর্তহীন’ এবং মক্কা ও মদিনার নিরাপত্তাও এর অন্তর্ভুক্ত।
বৃহস্পতিবার ‘আরব নিউজ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে আইএসপিআরের মহাপরিচালক বলেন, পাকিস্তান কূটনৈতিক ও সামরিক—উভয় দিক থেকেই সৌদি আরবের পাশে রয়েছে। সৌদি আরবের ওপর যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তান প্রতিরক্ষামূলক অবস্থান অব্যাহত রাখবে বলেও জানান তিনি।
তার এই বক্তব্য আসে সৌদি আরবে ইয়েমেনের হুতিদের সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে। বৃহস্পতিবার তায়েফে একটি ড্রোন ধ্বংস করার পর এর ধ্বংসাবশেষ পড়ে এক ইয়েমেনি নাগরিক নিহত এবং আরও দুজন আহত হন। এর আগে মক্কার আকাশসীমার দিকে যাওয়া একটি ড্রোনও সৌদি প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করার কথা জানিয়েছিল দেশটি।
লেফটেন্যান্ট জেনারেল চৌধুরি বলেন, সৌদি আরব ও পাকিস্তানের সম্পর্ক ঐতিহাসিক ও গভীর। তিনি জানান, দুই দেশের নিরাপত্তা সহযোগিতার পাশাপাশি পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে ইসলামাবাদ।
পাকিস্তানের এই বক্তব্যের আগে দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছিল, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের বিরুদ্ধে আগ্রাসনের ক্ষেত্রে পাকিস্তান চুক্তির শর্ত অনুযায়ী ব্যবস্থা নেবে। তবে সামরিক প্রতিক্রিয়ার নির্দিষ্ট ধরন বা কার্যকর করার প্রক্রিয়া প্রকাশ করা হয়নি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন