সৌদি আরবে হুতিদের হামলা জোরদার এবং বাব আল-মান্দেব প্রণালির কাছে তাদের নিয়ন্ত্রণ বিস্তারের মধ্যে যুক্তরাষ্ট্র হুতিদের সঙ্গে সরাসরি আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স।
সোমবার সাংবাদিকদের ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র হুতিদের সঙ্গে সরাসরি আলোচনা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে হুতিদের হামলার শিকার সৌদি আরবসহ সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গেও ট্রাম্প প্রশাসন নিয়মিত যোগাযোগ রাখছে বলে জানান তিনি।
ভ্যান্স বলেন, পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল হলেও যুক্তরাষ্ট্র বিষয়টির ওপর সার্বক্ষণিক নজর রাখছে এবং মার্কিন স্বার্থ সুরক্ষায় কাজ করছে।
এর আগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান হুতিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক সহায়তা চেয়েছিলেন। তবে ওয়াশিংটন সরাসরি সামরিক অভিযানে না গিয়ে গোয়েন্দা তথ্য আদান-প্রদান ও লক্ষ্য শনাক্তকরণে সহায়তার প্রস্তাব দিয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।
এদিকে সম্প্রতি ইয়েমেনের পশ্চিম উপকূলে হুতিদের অগ্রযাত্রায় মোখা বন্দর ও পেরিম দ্বীপ তাদের নিয়ন্ত্রণে যাওয়ার খবর পাওয়া গেছে। এসব এলাকার অবস্থান বাব আল-মান্দেব প্রণালির কাছাকাছি হওয়ায় আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।
এই পরিস্থিতির মধ্যেই গত রোববার ওমানের রাজধানী মাসকাটে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে হুতি প্রতিনিধিদের একটি গোপন বৈঠক হয় বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে। বৈঠকটি মাসকাটে অবস্থিত মার্কিন দূতাবাসে অনুষ্ঠিত হয় এবং ওমানের পক্ষ থেকে এটি আয়োজন ও মধ্যস্থতায় সহায়তা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
রয়টার্সের বরাতে জানা যায়, বৈঠকে হুতি প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের জাহাজে হামলার পরিকল্পনা না থাকার কথা জানিয়েছেন। ইসরায়েলি জাহাজেও হামলা না চালানোর প্রতিশ্রুতি দেওয়ার কথা জানা গেছে। তবে সৌদি আরবের মালিকানাধীন বা সৌদি পণ্য পরিবহনকারী জাহাজকে এ অবস্থানের আওতার বাইরে রাখা হয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে।
হুতিদের সাম্প্রতিক অগ্রযাত্রা ও সৌদি আরবের সঙ্গে সংঘাতের কারণে বাব আল-মান্দেব প্রণালি ঘিরে সামুদ্রিক নিরাপত্তা এবং জ্বালানি পরিবহন নিয়ে আন্তর্জাতিক উদ্বেগও বাড়ছে।
সূত্র: রয়টার্স
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন