সৌদি আরবের ভূখণ্ডে হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। একই সঙ্গে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে নিজেদের সুরক্ষায় সৌদি আরবের আত্মরক্ষার ‘অন্তর্নিহিত অধিকার’ রয়েছে বলে জানিয়েছে পরিষদ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দেওয়া এক বিবৃতিতে নিরাপত্তা পরিষদের সদস্যরা সৌদি ভূখণ্ডে হুতিদের অব্যাহত হামলার নিন্দা জানান। এসব হামলায় বেসামরিক মানুষ ও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি নারী ও শিশুসহ বেসামরিক লোকজন হতাহত হওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়।
নিরাপত্তা পরিষদ একই সঙ্গে লোহিত সাগর ও বাব আল-মানদাব প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলা ও হুমকির নিন্দা জানিয়েছে। আন্তর্জাতিক আইন, বিশেষ করে সমুদ্র আইনবিষয়ক জাতিসংঘ কনভেনশন (ইউএনক্লস) মেনে চলা এবং নৌযান চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
হুতিদের কাছে অস্ত্র, প্রশিক্ষণ ও অর্থায়ন পৌঁছানো বন্ধে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানোর আহ্বানও জানিয়েছে পরিষদ। একই সঙ্গে নিরাপত্তা পরিষদের ২২১৬ নম্বর প্রস্তাব অনুযায়ী হুতিদের ওপর আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
ইয়েমেনের মানবিক পরিস্থিতির অবনতিতেও গভীর উদ্বেগ জানিয়েছে নিরাপত্তা পরিষদ। জাতিসংঘের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের শুরু থেকে সংঘাতের কারণে অন্তত ১ লাখ ২৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
এ ছাড়া হুতিদের হাতে আটক জাতিসংঘের ৭৩ কর্মীসহ জাতিসংঘ, বেসরকারি সংস্থা ও নাগরিক সমাজের কর্মীদের ‘নিঃশর্ত, নিরাপদ ও অবিলম্বে’ মুক্তির দাবি পুনর্ব্যক্ত করেছে পরিষদ। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৭৩ জন জাতিসংঘ কর্মী এখনো হুতিদের হাতে আটক রয়েছেন।
নিরাপত্তা পরিষদ সতর্ক করেছে, সৌদি ভূখণ্ডে হামলা এবং লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হুমকি আঞ্চলিক উত্তেজনা আরও বাড়াতে পারে। এতে সামুদ্রিক নিরাপত্তা ও আন্তর্জাতিক বাণিজ্য ঝুঁকির মুখে পড়ার পাশাপাশি ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
ইয়েমেন সংকটের রাজনৈতিক সমাধানে জাতিসংঘের বিশেষ দূত হ্যান্স গ্রুন্ডবার্গের প্রচেষ্টার প্রতিও সমর্থন জানিয়েছে নিরাপত্তা পরিষদ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন