সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনা এবং খামিস মুশাইত বিমানঘাঁটিতে পৃথক দুটি সামরিক অভিযান চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ইয়েমেনের রাজধানী সানা থেকে দেওয়া এক বিবৃতিতে হুথিরা জানায়, ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক অভিযান ও অবরোধের জবাব হিসেবে এসব হামলা চালানো হয়েছে।
হুথিদের বিবৃতি অনুযায়ী, প্রথম অভিযানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইয়ানবুতে সৌদি আরামকোর একটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়। দ্বিতীয় অভিযানে খামিস মুশাইত বিমানঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
হুথিদের দাবি, দুটি হামলাই নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
বিবৃতিতে হুথিরা আরও বলেছে, ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক অভিযান ও অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে তাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে।
মার্কিন নাগরিকদের সৌদি সফরে সতর্কতা
এদিকে সৌদি আরবে অবস্থানরত মার্কিন দূতাবাস ও কনস্যুলেট দেশটিতে ভ্রমণের বিষয়ে নাগরিকদের সতর্ক করেছে। এক বিবৃতিতে মার্কিন নাগরিকদের সৌদি আরব ভ্রমণের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে মার্কিন স্বার্থে হামলার ঝুঁকি, সশস্ত্র সংঘাত, সন্ত্রাসবাদের হুমকি এবং স্থানীয় আইনসংক্রান্ত বিভিন্ন বিষয়কে সতর্কতার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া ইয়েমেন-সৌদি সীমান্তবর্তী এলাকায় ভ্রমণ না করার পরামর্শও দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।
ইয়েমেনের সংঘাতকে কেন্দ্র করে হুথিদের সঙ্গে সৌদি আরব-সমর্থিত বাহিনীর উত্তেজনা নতুন করে বাড়ার প্রেক্ষাপটে এসব হামলার দাবি ও ভ্রমণ সতর্কতার বিষয়টি সামনে এসেছে।
সূত্র: বিবিসি
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন