সৌদি আরবের রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কবার্তা জারির পর একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে এসব বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে এএফপির সাংবাদিকেরা জানিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
এর আগে রিয়াদের বাসিন্দাদের মুঠোফোনে পাঠানো জরুরি সতর্কবার্তায় পুরো এলাকায় বিমান, ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাব্য হুমকির কথা জানানো হয়। এ সময় নাগরিকদের ঘরের ভেতরে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়। সতর্কবার্তা জারির কিছুক্ষণ পর দুটি বড় বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রায় আধা ঘণ্টা পর হামলার ঝুঁকি কমে এলে সতর্কবার্তা প্রত্যাহার করা হয়।
ইরান-সমর্থিত ইয়েমেনের হুতিদের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই রিয়াদে এ ঘটনা ঘটল। গত জুলাইয়ে ইয়েমেনে সংঘাত তীব্র হওয়ার পর সৌদি রাজধানী সরাসরি হামলার লক্ষ্যবস্তু হওয়ার ঘটনা এবারই প্রথম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইয়েমেনের পশ্চিম উপকূলের বিস্তীর্ণ এলাকা হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে। সম্প্রতি লোহিত সাগরের ইয়েমেন উপকূলের নিয়ন্ত্রণ আরও জোরদারের উদ্যোগ নিয়েছে গোষ্ঠীটি। এর ফলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।
হরমুজ প্রণালি ঘিরে সংকটের পর সৌদি আরব তাদের জ্বালানি তেল রপ্তানির জন্য বাব আল-মান্দেব নৌপথ ব্যবহার করে আসছিল। তবে হুতিদের নৌ অবরোধের ঘোষণার পর ওই পথে সৌদি তেল পরিবহন ব্যাহত হচ্ছে। কেপলারের তথ্য অনুযায়ী, জুলাই থেকে বাব আল-মান্দেব দিয়ে সৌদি তেল রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমেছে।
এদিকে নতুন করে সংঘাত শুরুর পর ইয়েমেনে এক লাখ ১২ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জাতিসংঘ জানিয়েছে। এছাড়া প্রায় তিন হাজার মানুষ সমুদ্রপথে পার্শ্ববর্তী জিবুতিতে আশ্রয় নিয়েছেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন