নয়া দিল্লিতে শুরু হতে যাওয়া ব্রিকস সম্মেলনের যৌথ ঘোষণায় সদস্য দেশগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। ঘোষণায় কোনো দেশের নাম উল্লেখ না করে ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা জানানো হবে।
পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের মধ্যে ব্রিকসের এ অবস্থানকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। স্থানীয় সময় শনিবার বিকেল ৪টায় ‘ব্রিকস নয়া দিল্লি ঘোষণা’ প্রকাশ করা হবে বলে জানিয়েছে এনডিটিভি।
ভারতের সভাপতিত্বে আয়োজিত এবারের সম্মেলনে পশ্চিম এশিয়ার সংঘাতসহ বিভিন্ন বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে। যৌথ ঘোষণায় সংঘাতের সমাধানে ‘সংলাপ ও কূটনীতিই সামনে এগোনোর পথ’—এ বার্তার ওপর গুরুত্ব দেওয়া হবে।
সদস্য দেশগুলোকে একটি যৌথ ঘোষণায় একমত করাতে পারাকে ভারতের কূটনৈতিক সক্ষমতা এবং ব্রিকসের ‘শেরপাদের’ বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
মতবিরোধ কাটিয়ে ঐকমত্য
পশ্চিম এশিয়ার যুদ্ধকে কেন্দ্র করে ইরান ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মতপার্থক্য এর আগে ব্রিকসের যৌথ ঘোষণা আটকে যাওয়ার অন্যতম কারণ ছিল।
চলতি বছরের মে মাসে নয়া দিল্লিতে ব্রিকসের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকেও এ মতবিরোধের কারণে যৌথ ঘোষণা দেওয়া সম্ভব হয়নি। তবে এবার সদস্য দেশগুলোকে ঐকমত্যে আনতে সক্ষম হয়েছে ভারত।
নয়া দিল্লিতে বিশ্বনেতারা
ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়া দিল্লির ভারত মণ্ডপমে জড়ো হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ সদস্য দেশগুলোর নেতারা।
শনিবার সম্মেলনে যোগ দিতে নয়া দিল্লিতে পৌঁছেছেন শি জিনপিং। সাত বছর পর এটি তাঁর প্রথম ভারত সফর। সম্মেলনের ফাঁকে শনিবার সন্ধ্যায় শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন নরেন্দ্র মোদি।
এর আগে শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেন মোদি। দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে পশ্চিম এশিয়ার পরিস্থিতি ও ভারত-ইরান সম্পর্ক নিয়ে আলোচনা করেন তিনি।
পশ্চিম এশিয়া নিয়ে ভারতের অবস্থান
পশ্চিম এশিয়া সংকটের দীর্ঘস্থায়ী সমাধানে সংলাপ ও কূটনীতিকে সামনে এগোনোর পথ হিসেবে গুরুত্ব দিয়ে আসছে ভারত।
একই সঙ্গে জ্বালানি নিরাপত্তাকে গুরুত্বপূর্ণ উদ্বেগ হিসেবে উল্লেখ করে সরবরাহ নিয়ে যাওয়া জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করার আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।
পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকের পর মোদি বলেন, ইরানের প্রেসিডেন্ট হিসেবে তাঁর প্রথম ভারত সফর হওয়ায় পেজেশকিয়ানের এই সফর ‘আরও বিশেষ’।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন