জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী দিনে বৈশ্বিক সংকট মোকাবিলায় মানুষের অন্তর্নিহিত শক্তিকে কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়েছেন অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান। বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন, মানুষকে কেবল ব্যবস্থাপনার সমস্যা হিসেবে বিবেচনা না করে নতুন সমাধান তৈরির প্রধান চালিকাশক্তি হিসেবে দেখতে হবে।
অধিবেশনের সাইডলাইনে ‘সামাজিক ব্যবসা, যুবসমাজ ও প্রযুক্তি’ শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
ড. খলিলুর রহমান বলেন, বর্তমান বৈশ্বিক সংকট মোকাবিলায় শুধু তাৎক্ষণিক পদক্ষেপ নিলে হবে না। দীর্ঘমেয়াদি ও কাঠামোগত পরিবর্তনের দিকে বিশ্বকে এগিয়ে যেতে হবে। এ ক্ষেত্রে সাধারণ মানুষের সক্ষমতা ও সৃজনশীলতাকে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি।
বিশেষ করে যুবসমাজকে শুধু পরিবর্তনের অংশগ্রহণকারী হিসেবে না দেখে সমাজ পরিবর্তনের নেতৃত্বে নিয়ে আসার আহ্বান জানান অধিবেশনের সভাপতি। তাঁর মতে, তরুণদের হাতে দায়িত্ব ও প্রয়োজনীয় সুযোগ তুলে দিলে তারা বিভিন্ন সামাজিক সমস্যার কার্যকর ও উদ্ভাবনী সমাধান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনের ক্ষেত্রেও আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের ওপর গুরুত্ব দেন তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তাসহ নতুন প্রযুক্তিকে এসডিজি বাস্তবায়নের গতি বাড়ানোর কার্যকর হাতিয়ার হিসেবে ব্যবহারের আহ্বান জানান খলিলুর রহমান।
২০৩০ সালের এসডিজি অর্জনের জন্য হাতে আর মাত্র চার বছর সময় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই স্বল্প সময়ের মধ্যে বৈশ্বিক লক্ষ্যগুলো অর্জন করতে হলে সাধারণ মানুষকে প্রয়োজনীয় প্রযুক্তি, যুগোপযোগী দক্ষতা ও পর্যাপ্ত সুযোগ দিতে হবে।
তিনি বলেন, মানুষকে উপযুক্ত পরিবেশ ও প্রয়োজনীয় সক্ষমতা দেওয়া হলে তারা নিজেরাই নিজেদের সমস্যাগুলো চিহ্নিত করে কার্যকর সমাধান তৈরি করতে সক্ষম হবে। তাই বৈশ্বিক উন্নয়ন পরিকল্পনায় মানুষের সক্ষমতা, যুবসমাজের নেতৃত্ব এবং প্রযুক্তির সমন্বিত ব্যবহারকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন তিনি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন