বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে ভারত। বিদ্যমান কাঠামোগত ব্যবস্থার মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সব বিষয় নিয়ে আলোচনা ও সমস্যা সমাধানে নয়াদিল্লি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে কোনো দ্বিপক্ষীয় বৈঠক হবে কি না—এ বিষয়ে জানতে চাইলে রণধীর জয়সওয়াল বলেন, এ মুহূর্তে তাঁর কাছে এ ধরনের বৈঠকের কোনো তথ্য নেই।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্কের গতিপথ নিয়ে নয়াদিল্লি আগেও তাদের অবস্থান জানিয়েছে। ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক চায়। দুই দেশের মধ্যে বর্তমানে যে কাঠামোগত ব্যবস্থা রয়েছে, তার মাধ্যমেই সব দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করতে ভারত প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভারতীয় উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আগামী ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে। সফরকালে তিনি বেশ কয়েকটি বহুপক্ষীয় ও দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।
এদিকে চলতি মাসে বাংলাদেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। গত সপ্তাহে শিক্ষা, প্রযুক্তি ও উদ্ভাবন খাতে সহযোগিতা নিয়ে আলোচনা করতে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিনের সঙ্গে সাক্ষাৎ করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন