পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে পুলিশের একটি চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ৩০ জন। শনিবার (২৬ সেপ্টেম্বর) খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় এ হামলা হয়।
প্রাদেশিক জরুরি সেবা বিভাগের মুখপাত্র বিলাল ফাইজি জানান, সড়কের পাশে থাকা পুলিশ চেকপোস্টে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে হামলা চালায় আত্মঘাতী হামলাকারী। স্থানীয় পুলিশ প্রধান সাফদার বালোচ জানিয়েছেন, নিহত ও আহতদের বেশিরভাগই নিরাপত্তাকর্মী ও পথচারী। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। সংগঠনটি এক বিবৃতিতে এ দাবি করেছে।
সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সশস্ত্র হামলার ঘটনা বেড়েছে। এসব হামলার অনেকগুলোর দায় টিটিপি এবং নিষিদ্ধ বালুচ লিবারেশন আর্মি (বিএলএ) স্বীকার করেছে। বিএলএ মূলত প্রতিবেশী বালুচিস্তান প্রদেশে সক্রিয় এবং পাকিস্তান থেকে বিচ্ছিন্নতার দাবি করে আসছে।
টিটিপি আফগান তালেবান থেকে পৃথক হলেও তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, আফগানিস্তানের মাটিতে টিটিপি সদস্যদের কার্যক্রম চালানোর সুযোগ দেওয়া হচ্ছে। তবে আফগান কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করে আসছে।
ডেরা ইসমাইল খান দক্ষিণ ওয়াজিরিস্তানের কাছে অবস্থিত। অঞ্চলটিতে অতীতেও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে একাধিক হামলা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন